রাজবাড়ীতে একটি তুলার গুদাম ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলা শহরের পৌর ইংলিশ মার্কেটের পেছনে অবস্থিত তুলার গুদাম ও কারখানায় শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে।

এসময় স্থানীয়রা পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।পরে খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ও পৌর মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, ব্যবসায়িক শত্রুতার জেরে গুদামে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মালিক আসাদুল খান। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এ ব্যাপারে রাজবাড়ী ফায়ার স্টেশন মাস্টার মো. ফজলুল হক মন্ডল জানান, তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেআই