পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, তাঁর বাহিনীর কোনো সদস্য কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত থাকলে তাঁকে জেলে পাঠানো হবে।
শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্কের প্রমাণ পেলে তাঁকে শুধু ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হবে না, তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে জেলেও পাঠানো হবে।’
পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।
মাদক প্রতিরোধ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বলেন, ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টির মাধ্যমে তা করা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার শামসুন্নাহার বক্তব্য দেন।
এসএইচ





