ঢাকার অদূরে ধামরাইয়ে বাড়ির টয়লেট থেকে এক কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কেয়ারটেকারের নাম শাহিন আলম (৪০)।

ধামরাই মডেল টাউন এলাকায় অবস্থিত সাবেক যুগ্ম সচিব দেওয়ান আফসার উদ্দিনের বাড়ির টয়লেট থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

শাহীন আলমের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মজদই গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আফসার উদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসেরে আছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই শাহীন আলম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ