রাজধানীতে বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় মারা যান আবরার। নিজেদের মালিবাগের বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে প্রগতি সরনি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান আবরার।
এর আগে বেলা দেড়টার দিকে মিরপুর সেনানিবাসে বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় আবরার আহমেদের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল মো. এমদাদ-উল বারী, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আবরার আহমেদের সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।
পরে দাফনের জন্য আবরারের মরদেহ বনানী কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।





