চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৭৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।

তাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের হাতে সিল দিয়ে চিহ্নিত করছে ইমিগ্রেশন পুলিশ। সেই সিলে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে কত তারিখ পর্যন্ত থাকতে হবে তাও উল্লেখ করা হচ্ছে।

অন্যদিকে যেসব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের বিমানবন্দর থেকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, বিদেশ থেকে আসা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যাদের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ নেই তাদেরও বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য ইমিগ্রেশন শেষে সব যাত্রীর হাতে সিল দিয়ে দেওয়া হচ্ছে।

ইংরেজিতে লেখা এই সিলে প্রথমেই লেখা রয়েছে‌ ‘প্রাউড টু প্রোটেক্ট বাংলাদেশ’। তার নিচে লেখা ‘হোম কোয়ারেন্টিন আনটিল’, এরপর দেওয়া হচ্ছে কত তারিখ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সেই তারিখ।

এদিকে, বিদেশ ফেরতদের মধ্যে যাদের করোনার লক্ষণ দেখা যাবে তাদের বিমানবন্দর থেকেই সরাসরি সেনা তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

তিনি বলেন, “বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং করে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ। তারপর তাদের চিহ্নিত যাদের কোয়ারেন্টিনে থাকতে হবে, সেই নির্বাচিত ব্যক্তিদের বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।”

এমবি