নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হাসান (১৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কেফায়েত উল্যাহ হাসান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাইয়া বাড়ির হেদায়েত উল্যাহর ছেলে।

জানা যায়, বেগমগঞ্জ চৌরাস্তার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে রোববার রাতে হাসানকে কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।

এএস