রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মোহাম্মদ জাহিদুল ইসলামের শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে শ্যামলীর একটি বাসা থেকে তাদের আটক করে রূপনগর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ করে মাসুদ আহমেদ তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে চাননি।

তিনি জানান, রূপনগরের ঘটনায় রোববার রাতের মধ্যেই পুলিশ বাদী হয়ে এ মামলা করবে।

গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে পুলিশের অভিযানে জঙ্গি জাহিদুল নিহত হয়। আহত হন রূপনগর থানার ওসিসহ তিন পুলিশ সদস্য।

মাসুদ আহমেদ জানান, নিহত জঙ্গি নব্য জেএমবির সদস্য। তার বিষয়ে আরও অনেক তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই করা হচ্ছে। তাছাড়া তার শ্বশুর-শাশুড়ির কাছ থেকেও বেশ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে হচ্ছে।

যথা সময়ে সব তথ্য গণমাধ্যমে তুলে ধরা হবে বলে জানান মিরপুরের ডিসি।

এমবি