বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনগণের সুরক্ষায় বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে আছে।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে জীবনও দিয়েছেন ৫ পুলিশ সদস্য। এদের মধ্যে চারজন ডিএমপি’র একজন এসবি’র সদস্য। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।

শনিবার (০২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানান,
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯০ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ১৭৭।

পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, “জনগণের সুরক্ষায় বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে আছে। দায়িত্ব পালনের সময় তারা যদি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুরক্ষিত করতে পারেন। এ বিষয়ে আমরা তাদের সচেতন করেছি। সরকার থেকে স্বাস্থ্যবিধিসহ নানা নির্দেশনা পাওয়ার পরপরই আমরা আমাদের পুলিশ সদস্যদের এগুলো জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। তাদের মাস্ক এবং হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে। এছাড়াও তারা যেসব অফিস ও ব্যারাকগুলোতে তারা থাকছে সেখানে আমরা পর্যাপ্ত জীবাণুনাশক ব্যবহার করেছি।”

পুলিশ সদরদফতরের পক্ষে সোহেল রানা বলেন, “হাসপাতালগুলোতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসার পাশাপাশি তাদের মনোবল যেন অটুট থাকে এজন্য ঊর্ধ্বতন অফিসাররা এবং তাদের লাইন চিফরা তাদের হাসপাতালে ভিজিট করছেন। এছাড়াও অসুস্থদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখার জন্য সদরদফতর থেকে স্ব-স্ব ইউনিটকে জানানো হয়েছে।”

এমবি