বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে অর্থ সহায়তা দিচ্ছে জাপান। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী দুই কোটি ৪০ লাখ জাপানি ইয়েন ব্যয় করে ঢাকা ও রংপুরে আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থার উন্নতিতে আধুনিক ‘এস-ব্রান্ড ডপলার’ রেডার বসানো হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. মেজবাহউদ্দিন ও জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এ সংক্রান্ত নথিতে বুধবার স্বাক্ষর করেন। আর অনুদানের চুক্তিতে জাইকার প্রধান আবাসিক প্রতিনিধি মিকিওহাতেদার সঙ্গে সই করেন সচিব।
বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী জাপান ১৯৮৬ সাল থেকে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থায় রেডার বসাতে সহযোগিতা করে আসছে।
ঢাকা, রংপুর, কক্সবাজার, খেঁপুপাড়া ও মৌলভীবাজারে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র রয়েছে।
নতুন অর্থ সহায়তা দিয়ে ঢাকা ও রংপুর কেন্দ্রে আরো যুগোপযোগী রেডার বসানো হবে, যা আরো যথাযথভাবে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে বলে জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে।
নতুন রেডারের আওতায় আসবে চারপাশের ৪০০ কিলোমিটার পর্যন্ত এলাকা, যেখানে আগের রেডারের আওতায় আসতো এর অর্ধেক এলাকা।
এর আগেই জাপানের সহায়তায় কক্সবাজার, খেঁপুপাড়া ও মৌলভীবাজারে একই ধরনের এস-ব্রান্ডের রেডার বসানো হয়েছে।
এসব রেডার শুধু আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণেই সীমাবদ্ধ থাকবে না, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের ঝুঁকি প্রশমণে সহায়তা করবে বলে জাইকার এক বিবৃতিতে বলা হয়েছে।
আধুনিক এ রেডার আগেভাগে পূর্বাভাস দেওয়ায় ঊপকূলের সাড়ে তিন কোটি এবং টর্নেডো প্রবণ এলাকার তিন কোটি মানুষ উপকৃত হবে এতে বলা হয়।
এএইচ





