লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে খোরশেদ নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার গভীররাতে উপজেলার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ খোরশেদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বরপাড়া এলাকার মৃত হেদায়েত উল্যার ছেলে। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীররাতে সন্ত্রাসী খোরশেদকে গ্রেফতারের জন্য পুলিশ দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খোরশেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী খোরশেদ গুলিবিদ্ধ হয়। এসময় আহত হন আরো দুই পুলিশ সদস্য। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোরশেদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায় ছয়টি মামলা রয়েছে।
কেএইচ





