মাগুরার মহম্মদপুরের বাবুখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০ বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে বাবুখালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১০ ব্যক্তি আহত হন। মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরমান মোল্লার সঙ্গে তার ভাতিজা রফিক মোল্লার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন দুপুরে বিরোধপূর্ণ জমিতে রফিক মোল্লা বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই গ্রুপের সমর্থকরা হামলায় জড়িয়ে পড়েন।

রফিকুল মোল্লার পক্ষে বাবুখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য পাশ্ববর্তী পাড়য়ারকোল গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধা তার সমর্থকদের এনে বিভিন্নজনের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন।

এ সময় ২০টি বসতঘর ও ২টি দোকান ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গৃহস্থালী সামগ্রীসহ ১০ লাখ টাকার মালপত্র লুট ও ক্ষতিসাধন করে।

হামলায় আহতরা হলেন, নজরুল (৩২), কবির (৪৫), সেতু (১৬), আরিফ (৫০), পলি (২৫), আমিন (১৪), সালাম (৫০), নূরজাহান (৩৫), জালাল (৫০) ও কামাল (৩০)। এদের মধ্যে দু’জনকে মাগুরা ও পাঁচজনকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় মামলা হয়েছে।

কেএইচ