ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা বাজার ও মদনদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ৪০টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে বলে জানা গেছে।
এসময় রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পুলিশ ৮ রাউন্ড টিয়ারসেল ও ৫৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মান আকবর বাবলু চৌধুরী গ্রুপের সঙ্গে সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বিবাদ রয়েছে। এ নিয়ে একাধিকবার হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
সোমবার রাতে সালথা বাজারে সাব্বির চৌধুরীর সমর্থকদের সঙ্গে আয়মান আকবর বাবলু চৌধুরীর সমর্থক হিসাবে পরিচিত রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ মোল্যার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে মঙ্গলবার সকাল ৮টার দিকে সালথা বাজার ও মদনদিয়া এলাকায় দুই গ্রুপের কয়েক হাজার সমর্থক ঢাল-সড়কি, কাতরা, বল্লম, ভেলা, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় বেলা ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
সংঘর্ষ চলাকালীন গোটা এলাকা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ বেশ কয়েকদফা টিয়ারসেল ও রাবার বুলেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সংঘর্ষে অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়ে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী অভিযোগ করেন, বাবলু চৌধুরীর মদদে আলতাফ মোল্যার সমর্থকেরা বিনা উস্কানীতে আমাদের নেতা-কর্মী, সমর্থকদের উপর হামলা চালিয়েছে।
আলতাফ মোল্যা বলেন, সাব্বির চৌধুরী ও তার সমর্থকেরা এলাকায় ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালাচ্ছে।
সালথা থানার ওসি একে এম আমিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার শান্তি শৃংখলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জারিফ





