পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে অভিযান চালিয়ে ১৪ দস্যু আটক ও চার জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।

সোমবার (৫ ডিসেম্বর) গভীর রাতে কুয়াকাটা সৈকত সংলগ্ন গভীর সমুদ্র থেকে একটি ট্রলার থেকে ডাকাতদের আটক করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ বিএনএস মহিবুল্লা নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, নৌবাহিনীর জাহাজ বিএনএস মহিবুল্লা মহিপুর থানার কুয়াকাটা সৈকত সংলগ্ন গভীর সমুদ্রে টহল দিচ্ছিল। এসময় একটি মাছধরা ট্রলার দেখে সন্দেহ হলে সেটিকে ধাওয়া করা হয়।

পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে চার জেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এসময় জেলেদের দেওয়া তথ্যানুযায়ী ১৪ ডাকাত সদস্যকে আটক করা হয়।

ট্রলারটি ধাওয়া করার সময় ডাকাতরা তাদের অস্ত্রগুলো সাগরে ফেলে দেয়। তবে জেলেদের কাছ থেকে লুট করা কিছু ইলিশ মাছ পাওয়া গেছে। আটক দস্যুদের মহিপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মহিপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, দস্যু আটক এবং জেলে ও মাছ উদ্ধারের বিষয়টি শুনেছেন। তবে এখনো তাদের কাছে হস্তান্তর করা হয়নি।


এমএনজে