কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ৭৫ নারী-শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত দেবে ভারত সরকার। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেবে।

পরবর্তীতে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা তাদের নেবেন। আগামী এক সপ্তাহের মধ্যে এসব নারী-শিশুদের নিজ নিজ পরিবারের কাছে এনজিও কর্মকর্তারা সোপর্দ করবেন বলে জানা গেছে। ফেরত আসা নারী-শিশুদের বাড়ি যশোর. নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ঢাকা, ক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে।

জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে গত ২ বছর থেকে ৫ বছর আগে এসব মেয়েরা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে বিভিন্ন সময় সীমান্ত পথে ভারতে যায়। পরে দালাল চক্র তাদের ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ বোম্বাই শহরের বিভিন্ন স্থান থেকে এসব মেয়েদের আটক করে জেল হাজতে পাঠায়।

সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রাভেল পারমিটের মাধ্যমে এদের স্বদেশ ফেরার ব্যবস্থা করে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি যশোর শাখার সমন্বয়কারী কর্মকর্তা অ্যাডভোকেট ছালমা খাতুন ও রাইটস যশোরের তর্থ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচারের শিকার নারীরা যদি পাচারকারীদের নিরুদ্ধে মামলা করতে চায় তাহলে তাদের আইনি সহয়তা করবেন বলে জানান এনজিও কর্মকর্তারা।

এদিকে যশোর রাইটস এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক ক্ষোভ প্রকাশ করে বলেন, পাচারের শিকার নারী, শিশুদের আইনি সহযোগিতা করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মূখীন হতে হচ্ছে। পুলিশ ও সমাজের প্রভাবশালী কিছু মানুষ পাচারকারীদের পক্ষ নিয়ে কাজ করায় পাচার মামলা আলোর মুখ দেখছে না। এতে ধরা ছোয়ার বাইরে থাকছে পাচারকারীরা।

এএইচ