যশোরে এভারগ্রিন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ চার কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টায় কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
শহরের বারান্দীপাড়া এলাকার আসলাম উদ্দিন খান নামে এক বিনিয়োগকারী প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন। মামলা নম্বর ৫৫।
মামলার আসামিরা হলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, পরিচালক আতাউর রহমান ও পরিচালক ফারজানা রহমান বনি (মনির হোসেনের স্ত্রী)।
এজাহারে আসলাম উদ্দিন বলেছেন, শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা মিনাজ উদ্দিন খানের ছেলে আসলাম উদ্দিন খানকে এভারগ্রিন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের কর্মকর্তারা ২৪ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন।
তাদের প্রতিশ্রুতিতে আসলাম উদ্দিন খান ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মোট ৭৮ লাখ ৬০ হাজার টাকা দেন কিন্তু কোম্পানিতে বিনিয়োগ করার পর দুই বছর পার হয়ে গেলেও কর্মকর্তারা তাকে লভ্যাংশ না দিয়ে নানাভাবে ঘোরাতে থাকেন। এ অবস্থায় তিনি মামলাটি দায়ের করেন।
কেএইচ





