ফারাক্কার গেট খুলে দেয়ায় কুষ্টিয়ায় হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মার পানি বাড়ছে বিপজ্জনক গতিতে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী নৈমূল হক বলেন, যে গতিতে পানি বাড়ছে, এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে।
তিনি বলেন, ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। ভারত তাদের ফারাক্কা বাঁধের দরজা খুলে দিয়েছে। এসব কারণে পদ্মায় পানি বেড়ে যাচ্ছে।
পাউবো সূত্র জানায়, পদ্মানদীতে পানির বিপদসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সেখানে শুক্রবার দুপুর ২ টার দিকে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ০৬ সেন্টিমিটার। পানি বিপদসীমা থেকে মাত্র দশমিক ১৯ সেন্টিমিটার দূরে।
পাউবোর পানি পরিমাপ কাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, প্রতি তিন ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে।
পাউবো সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট পদ্মায় পানির মাত্রা ছিল ১৩ দশমিক ৩২ সেন্টিমিটার। ১৯ আগস্ট ছিল ১৩ দশমিক ৪০ সেন্টিমিটার। ২৫ আগস্ট ছিল ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রধান শাখা গড়াই নদেও অব্যাহতভাবে পানি বাড়ছে।
পাউবো বলছে, পদ্মা নদী ও গড়াই নদের গুরুত্বপূর্ণ এলাকা ও বাঁধগুলোতে নজর রাখা হচ্ছে। পানি উন্নয়ন
বোর্ডের উত্তরাঞ্চল পানি পরিমাপ বিভাগের নির্বাহী পরিচালক কে এম জহিরুল ইসলাম বলেন, এই মৌসুমে ফারাক্কায় প্রতি বছরই বেশ কয়েকটি গেট খুলে দেয়া হয়। এবার তার চেয়ে বেশি গেট খুলে দেয়াতেই হয়ত পানি বেড়েছে।
এদিকে, ফারাক্কায় সবকটি বাঁধ খুলে দেয়ার খবরে পদ্মা তীরের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। তাদের আশঙ্কা, সব গেট খুলে দেয়া হলে পদ্মা বিপদসীমার ওপর দিয়ে বইবে। এতে পদ্মাতীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা করছেন তারা।
সবুজ/এসএম





