ফেনী পুলিশ সুপারের (এসপি) বাসভবন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় একযোগে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ এক নাশকতাকারী আহত হয়েছে।

আহত পুলিশ কর্মকর্তারা হচ্ছেন এএসআই শাহীন ও ফেনী থানার সেকেন্ড অফিসার জিয়াউল হক। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ১টার দিকে মহিপাল সার্কিট হাউজ রোডস্থ এসপির বাসভবনে ককটেল হামলার পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় হামলার ঘটনা ঘটে। এসময় টহল পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ আত্মরক্ষায় ১৩ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে ফেনী মডেল থনার এক এসআই জিয়াউল হক ও এএসআই শাহীন আহত হন। এসময় পুলিশের গুলিতে আহত হয় এক নাশকতাকারী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।

আহত দুই পুলিশকে সাময়িক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পায়ে ককটেলের স্পিলিন্টা বিদ্ধ হয়েছে। আহত নাশকতাকারী থেকে দুটি পেট্রলবোমা ও একটি ককটেল উদ্ধার করে পুলিশ।

ফেনী মডেল থানার ডিউটি অফিসার মোসাম্মেদ রুকসানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই পুলিশ সদস্যের একজনের ডান পায়ে অপরজনের বাম পায়ে বোমার স্পিলিন্টার ঢুকেছে। তবে তারা এখন আশঙ্কামুক্ত।

কেএইচ