গোবিন্দগঞ্জ উপজেলায় সুমন মিয়া (১২) নামে এক স্কুলছাত্র হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে উপজেলার শালমারা ইউনিয়নের পূর্ব মীরেরপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, উপজেলার পূর্ব মীরেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে ইকবাল হোসেন (১৫) ও জাহাঙ্গীর আলমের ছেলে মোগলু (১৩)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সোমবার (২০ জুন) বিকেলে সুমন মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি স্বজনরা। পরে মঙ্গলবার সকালে পূর্ব মীরেরপাড়া গ্রামের একটি ধানখেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ জমিতে ফেলে রাখা হয়।

পরে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

ওএফ