আজ ১১ জুলাই। স্মরণকালের ভয়াবহ মিরসরাই ট্র্যাজেডির তৃতীয় বার্ষিকী। এ দিনটিতে মিরসরাইয়ে ট্রাক উল্টে একসঙ্গে ঝরে গিয়েছিলো ৪২ শিশুসহ ৪৫টি প্রাণ।

মিরসরাই উপজেলায় এদিন ছিলো শুধুই যেনো লাশের স্রোত। বাবাদের কাঁধে কাঁধে প্রিয় সন্তানের লাশ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সেই দুঃসহ দিনটি শুধু স্বজনদের হৃদয়ে নয়,সারাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিলো।
২০১১ সালের ১১ জুলাই আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল প্রাণোচ্ছ্বল শিশু চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখা শেষে মিনিট্রাকে বাড়ি ফিরছিল।

আবু তোরাব সড়কের সৈদালীতে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে ডোবায় পড়ে যায়। এতে ট্রাকের ভেতরেই চাপা পড়ে শিশুরা।

এর পর ডোবার জল থেকে একে একে তোলা হয় লাশ আর লাশ। ডোবাটাই যেন একটা মৃত্যুকূপ। সেদিন দুর্ঘটনাস্থলে ৩৯ জন এবং হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু ঘটে। ৪৫ জনের মধ্যে ৪২ জনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতদের মধ্যে আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রই ছিলো ৩৪ জন। সেই সব দৃশ্য বিভীষিকাময়, হৃদয়বিদারক।

ঘটনার পর অভিযোগ ওঠে চালকের আসনে বসা হেলপার মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ট্রাকটি।

মিরসরাই ট্র্যাজেডির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (শুক্রবার) স্মরণসভার আয়োজন করা হয়েছে। নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মিরসরাইয়ের বিভিন্ন সংগঠন।

নিহতদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনসমূহ শোক ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করবে।

ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ