ব্রাহ্মণবাড়িয়ায় সিগারেট বাকি না দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর নগরপাড়া এলাকায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে জামাল মিয়া (৩৫), ইয়ামিন (২৫), রুহুল আমিন (২৫), ওলিউল্লাহ (২৫), আনোয়ার হোসেন (৪৫) সুমন মিয়া (৩৫) ও হাজেরা বেগমকে (৪৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরপাড়া এলাকার মতি মোল্লার ছেলে আল আমিন বাড়ির পাশের জাফর মিয়ার দোকানে শনিবার রাতে বাকিতে সিগারেট কিনতে যান। কিন্তু জাফর মিয়া বাকিতে সিগারেট না দেওয়ায় আল আমিন তাকে মারধর করেন। জাফর মিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা মীমাংসার জন্য রবিবার সকালে শালিস ডাকেন। শালিস শুরু হওয়ার আগেই সকাল সাড়ে ৯টায় আল-আমিন ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জাফর মিয়ার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে জাফর মিয়ার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ ছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের পাঁচটি দোকান ও ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জেআই