দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ ব্যক্তি আহত হয়েছেন। তুচ্ছ ঘটনার জেরে সুনামগঞ্জের দোহালিয়া বাজার সংলগ্ন মাঠে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় পাওনা টাকা নিয়ে এ সংঘর্ষ ঘটে।
গুরুতর আহত তাজিম উদ্দিন (২২) ও পুলিশ সদস্য মনজুর আহমেদসহ ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে একই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আখতার হোসেনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ খবর দুই গ্রামে পৌঁছলে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়।
জেএ





