ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জিন্নাহ নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ (৪৫) ও আব্দুল মমিনের ছেলে তরিকুল ইসলাম (২৫)।
আহত আব্দুর রশিদ ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ শাহীদুল ইসলাম শাহীন।
তরিকুল ইসলাম জীবননগরের কোন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন তার বোন সুন্দরী খাতুন। তিনি জানান, তার চাচা আব্দুল মমিন ও ভাই তরিকুল ইসলাম অন্যদের সঙ্গে শুক্রবার রাতে ভারত সীমান্তে গরু আনতে যায়।
শনিবার ভোরের দিকে ভারত সীমান্ত থেকে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় তরিকুল ইসলাম আহত হয়ে বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রবেশ করে এবং আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়ে ভারত সীমান্তে পড়ে থাকে।
আব্দুর রশিদের বড় ভাই আব্দুল মমিন জানান, তার ছেলে তরিকুল ইসলামের পিঠে গুলি লেগেছে তাই তিনি ডাক্তারের কাছে গেছেন। ভাই আব্দুর রশিদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে শুনেছি।
মহেশপুর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন জানান, বিএসএফের গুলিতে আহত আব্দুর রশিদ ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিস্তারিত পরে জানানো যাবে।
এআর





