অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে স্পিকারের বক্তব্য, প্রশ্নোত্তর পর্ব, বেসরকারি সদস্যদের পাঁচটি সিদ্ধান্ত-প্রস্তাব এবং তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন।

স্পিকারের বক্তব্যের পর অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব। এতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন।

প্রথম দিনের কার্যসূচিতে বেসরকারি সদস্যদের পাঁচটি সিদ্ধান্ত-প্রস্তাব রয়েছে। এর মধ্যে ঝিনাইদহের মহেশপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের পটিয়ায় আদর্শ ভবন নির্মাণ, নারায়ণগঞ্জের নাসিরপুর রেলস্টেশন থেকে শ্রীমঙ্গল পর্যন্ত রেল যোগাযোগ উন্নয়ন এবং সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবগুলো সংশোধনীসহ পৃথকভাবে নিষ্পত্তির কথা রয়েছে।

প্রথম দিনের আইন প্রণয়ন কার্যাবলিতে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের কথা রয়েছে।

এর মধ্যে রয়েছে ‘Transfer of Property (Amendment) Bill, 2026’। ১৮৮২ সালের Transfer of Property Act সংশোধনের লক্ষ্যে বিলটি উত্থাপন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

উত্থাপন করা হবে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইন প্রণয়নের উদ্দেশ্যে বিলটি আনা হচ্ছে।

বিলটি পর্যালোচনার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

দিনের তৃতীয় বিল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’। গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণের লক্ষ্য নিয়ে বিলটি আনা হচ্ছে।

পাশাপাশি মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ও বিলে গুরুত্ব পেয়েছে। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই সংসদীয় কমিটি গঠন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হচ্ছে।

এস