করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৫৪৭ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৭ হাজার ৫৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৮ হাজার ৮৮১টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। দেশে এখন পর্যন্ত মোট ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬২ লাখ ৭৫ হাজার ৮৫৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ লাখ ৪ হাজার ৯৫৭টি পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে ১১৬ জন পুরুষ। আর ৮২ জন নারী। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৬ হাজার ১৪৯ জন পুরুষ এবং ৮ হাজার ৩৯৮ জন নারী।

এমবি