গার্ল সামিটে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সোমবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফরে যাত্রা করলেন।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইটটির স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা। গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর শেখ হাসিনার এটি প্রথম কোনো ইউরোপীয় দেশ সফর।

আগামীকাল মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানীতে অনুষ্ঠেয় এ সামিটে প্রধানমন্ত্রী ২০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বিমানবন্দরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও জাতীয় সংসদের চিফ হুইপ এ এস এম ফিরোজসহ অনেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

য্ক্তুরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস এবং যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে লন্ডনের হিলটন হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর