গতকাল বুধবার নোয়াখালীতে যুবদল ও শিবিরের দুই কর্মী নিহতের প্রতিবাদে চলছে সকাল-সন্ধ্যা হরতাল।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাইজদীর জজকোর্ট ও টাউনহল এলাকায় ২০ দলের নেতাকর্মীরা মিছিল করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় ২০ দলের ৬ জন নেতাকর্মীকে আটক করে পু্লিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহরের প্রধান সড়কের দিকে আসার চেষ্টা করলে ধাওয়া দেয় পুলিশ। এছাড়া, ফাঁকা গুলি করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ২০দলের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটকদের নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে, বুধবার রাতভর অভিযান চালিয়ে ২০দলের আরো ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা এড়াতে ২০দলের মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে দুই যুবদল কর্মী নিহত এবং ৩০ জন আহত হয়। এর প্রতিবাদে জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।

ইআর