পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষকে শেখ হাসিনা খুব ভালোবাসেন। তাদের কথা সব সময় চিন্তা করেন। কী করে তাদের জীবনে উন্নতি করা যায়- এজন্য তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। মান্নান বলেন, সরকার ডিজেলের দাম বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা করছে। আমরা চেষ্টা করবো যাতে ব্যথাটা কমে। তবে ধর্মঘট করে, হরতাল করে বেশি একটা লাভ হবে না। সবার মত প্রকাশ করার অধিকার আছে। ধর্মঘট আর হরতাল কোনো সমাধান নয়।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়া আসলেই চিন্তার বিষয়। তবে পৃথিবীর কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। কারণ ডিজেল কিংবা পেট্রোল আমরা তৈরি করি না। যেখানে এসব উৎপাদন হয় সেখানকার মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। আর সেই দামগুলো কাউকে না কাউকে বহন করতে হবে।
এর আগে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। পরে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এবিএস





