সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী বিভিন্ন এলাকার শতাধিক বসতঘর। ভাঙ্গন আতঙ্কে অনেকেই তাদের বাড়ি ঘন অন্যত্র সরিয়ে নিচ্ছে। ভাঙ্গন রোধে এখনই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

যমুনা নদীর পানি কমার সাথে সাথেই সিরাজগঞ্জের নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। গত ৭দিনের ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে চরমালশাপাড়া, বিয়ারাঘাট, ঘোনাপাড়া পাইকপাড়ার অধিকাংশ ঘর-বাড়ি। ভাঙনের কবলে পড়েছে নদী পাড়ের আরো ৫টি গ্রাম। অসময়ের ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ।

চলতি বছরের তিন দফা বন্যায় ক্রস বাঁধ ভেঙে যাওয়ায় যমুনার তীব্র স্রোতে এসব এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ প্রসঙ্গে স্থানীয় এক এলাকাবাসীরা বলেন, 'ভোটের সময় সবাই আসে কিন্তু এখন ভেঙ্গেচুরে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু কোনো লোক আসতেছে না।'

এদিকে ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, 'এই ভাঙনটা যাতে আর না বাড়ে সেজন্য আমরা জিও ব্যাগ ফেলতেছি। আশা করি আমরা সেটা করতে পারব এবং আর কোনো ক্ষতি এই এলাকায় হবে না।'

অসময়ে যমুনার এমন তীব্র ভাঙ্গনে অসহায় হয়ে পড়েছেন নদী তীরবর্তী ৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

জেআই