ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দুপুর বেলা হঠাৎ ৪ মিনিট অন্ধকারে নিমজ্জিত ছিলো। ফলে বিভিন্ন এয়ারলাইন্সের অফিসগুলো সাময়িক সমস্যায় পড়ে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই সমস্যার সৃষ্টি হয়।

জানা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিদ্যুৎ চলে যায়। প্রায় ৪ মিনিট অন্ধকারে থাকে এয়ারলাইন্সগুলোর অফিস। এতে চেক ইন কাউন্টারগুলোর কম্পিউটার বন্ধ হয়ে যায়। এখন বিকল্প ব্যবস্থায় কাজ চালানো হচ্ছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, “ডেসকোর মূল লাইনের সমস্যা দেখা দিয়েছে। বিকল্প লাইন সচল রয়েছে। এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে কার্যক্রম চলছে।”

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শাহিদ সরোয়ার বলেন, “আমাদের বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা নেই। আমার বিমানবন্দরের সাব-স্টেশন পর্যন্ত সংযোগ দেই, এরপর বিমানবন্দরের ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ হয়। যদি কোনও সমস্যা হয়, সেটা তাদের অভ্যন্তরীণ সমস্যা।”

এমবি