হুন্ডি ব্যবসায়ি ও কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সাব্বিরের বিরুদ্ধে প্রায় ৩২৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২),(৩) ধারায় অভিযুক্ত মোহাম্মদ সাব্বিরের বিররুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। ফলে দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম যে কোনো সময় সংশ্লিষ্ট থানায় এ মামলাটি দায়ের করবেন।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত মোহাম্মদ সাব্বির ২০০৯ সালের ২৮ নভেম্বর থেকে ২০১৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তার ভুয়া প্রতিষ্ঠান; এস.এস এন্টারপ্রাইজ, জি.এস এন্টারপ্রাইজ, কে.জি.এন এন্টারপ্রাইজ ও এন.এস টেডিং এর মাধ্যমে এ অর্থ লেনদেন করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটিং ইউনিটের কর্মকর্তারাও তথ্য উপাত্ত পেয়েছে।
পরে এ বিষয়টি দুদকের তফসিলভুক্ত হবার কারণে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নথিপত্র দুদকে পাঠায়।
এদিকে দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম প্রাপ্ত অভিযোগ ও তথ্য উপাত্ত পর্যালোচনা এবং সরেজমিন অনুসন্ধান করে আসামির বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রতিবেদন জমা দেন।
তার প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত মোহাম্মদ সাব্বির হুন্ডির ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে ও প্রতিষ্ঠানগুলোর নামে ১৯টি হিসাব নম্বর থেকে ৩২৭ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকা ট্রান্সফারের মাধ্যমে সংগ্রহ করেন।
কিন্তু দুদকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সাব্বিরের মালিকানাধীন এস.এস এন্টারপ্রাইজ, জি.এস এন্টারপ্রাইজ, কে.জি.এন এন্টারপ্রাইজ ও এন.এস ট্রেডিং কোম্পানির ব্যবসায়িক ঠিকানা অনুসারে সরেজমিনে পরিদর্শন করে আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পাওয়া যায়নি।
ঢাকা,একে, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





