চট্টগ্রাম মহানগরীর পাঁশলাইশ থানার মির্জারপুল এলাকার একটি অভিজাত ফ্ল্যাটে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধুর নাম শারমিন আক্তার (২৫)।

বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার মধ্যপ্রাচ্য প্রবাসী জনৈক আবদুল হাকিমের স্ত্রী।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, দুপুরে মির্জাপুল ইকুইটি ভিলেজের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ঢুকে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেল জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে শারমিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকারী সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। নগর গোয়েন্দা পুলিশ, র‍্যাব এবং পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

কেএইচ