চাঁদাবাজির একটি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

বুধবার রাত ৩টায় তাকে গ্রেফতার করেন মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান।

মিরপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নুরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুলাল নামে এক ব্যক্তি তার (মোজাম্মেল হক চৌধুরী) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বজলুর রহমান। তিনি তাকে গ্রেফতার করে থানায় রেখে গেছেন।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।

রাত ৩টা ৩ মিনিটে মোজাম্মেল হক চৌধুরীর ফেসবুক আইডিতে তার অফিসের কম্পিউটার অপারেটর পরিচয়ে একজন লিখেছেন, ‘হঠাৎ রাত ৩টায় মিরপুর মডেল থানা থেকে কিছু পুলিশ এসে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কী জন্য এখনো কোনো বিষয় নিশ্চিত হওয়া যায়নি।’

গত ৩১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছিলেন, এবারের পবিত্র ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় মোট ২৫৯ জন নিহত ও আহত ৯৬০ হয়েছেন। পাশাপাশি সড়ক মহাসড়কে পরিবহন দুর্ঘটনা রোধ ও দুর্ঘটনাজনিত মৃত্যু কমিয়ে আনতে ১০ দফা সুপারিশ করেন তিনি।

জেড