গোপালগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বিজয়পাশা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানায়, সোমবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে ফুলু মোল্যা ও সিব্বির মোল্যার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আটজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমবি





