পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি ছাঁটাই বন্ধকরণ, নিয়োগ প্রক্রিয়া চালু এবং চাকরি নিয়মিতকরণের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভবনে এই দুই পদের প্রায় দেড়শত কর্মী মানববন্ধন ও সমাবেশ করে।
ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাই বন্ধে এবং তাদের চাকুরী স্থায়ী করার আবেদন জানিয়ে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী পালন করতে এসে টাঙ্গাইলের তোফাজ্জল হোসেন চাকরি থেকে ছাঁটাইয়ের আশংকায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
জানতে চাইলে ওই কর্মী বলেন, তার দুটি ছেলে টাঙ্গাইলের সৃষ্টি সেন্ট্রাল স্কুলে পড়ালেখা করছে। তাদের মাসিক বেতন, সাংসারিক খরচ চালাতে মাসে প্রায় খরচ ২০ হাজার টাকা। তিনি প্রতি মাসে বেতন পেতেন ২২ হাজার টাকা। কোনমতে তাদের সংসার চলতো। যখনই চাকরী ছাঁটাইকরণের কথা শুনেছেন তখনই তার মধ্যে একটি হতাশা বাসা বাধে। গত জুলাই থেকে এই ছাঁটাইকরণ প্রক্রিয়া চলছে এবং এটি অব্যাহত আছে।
ছাঁটাই বন্ধে এবং চাকরী নিয়মিত করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট জায়গায় তারা একটি স্মারকলিপি প্রদান করেছেন।
এআই





