জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) প্রধান কার্যালয়ে।

খাগড়াছড়ি জেলা সদরের মাস্টারপাড়া এলাকায় কমিশনের প্রধান কার্যালয়ে শনিবার বেলা সাড়ে ১২টার সময় গিয়ে দেখা যায় এমন দৃশ্য। দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পতাকা উত্তোলিত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কনস্টেবল বলেন, ‘এমন দৃশ্য এখানকার প্রতিদিনের। কমিশনের চেয়ারম্যান আসলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা থাকলেও উনার অনুপস্থিতিতে এমন দৃশ্যই থাকে।’

চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. মনোয়ার হোসেন মুঠোফোনে জানান, আমি দীঘিনালায় বেড়াতে আসছি। আজ বন্ধের দিন। পিয়নের পতাকা তোলার কথা খেয়াল নেই মনে হয়। বলেই তিনি ফোনের লাইন কেটে দেন।

সরকারি একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ের এমন বেহাল অবস্থার কথা জানাতে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, ‘এটি একটি ছোটখাট বিষয়। কমিশনের চেয়ারম্যান একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি মাঝে মধ্যে আসলে সেখানে অফিস করেন। তার বাইরে কমিশনের কোনো কাজ নেই। সরকারি অন্য কোনো দপ্তরে পতাকা তোলা হয় কী-না সেটি দেখেন।’

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা ভূমি বিরোধ নিষ্পত্তি করতে পার্বত্য চুক্তির অংশ হিসেবে সরকার এ কমিশন গঠন করেন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কমিশনের চেয়ারম্যান করে পার্বত্য চট্টগ্রামের সব অংশীজনদের প্রতিনিধির মাধ্যমে কমিটি গঠন করা হলেও আইনি জটিলতা ও কোরাম সংকটের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি কমিশনের কার্যক্রম। পাশাপাশি এর বিরোধিতা করছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো।

জেআই