নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

শনিবার ( ২০ মে ) বিকাল চারটায় র‌্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘিরে ফেলে।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জঙ্গি সন্দেহে ওই বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে আমাদের নরসিংদী প্রতিনিধি জানান, কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজনরা। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও মুখ খুলছেন না সেখানে থাকা আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

এদিকে, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, অভিযানটি র‌্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।

এমই