একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এর তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন যাত্রী।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের সাং শাপলাবাগের মাখন লালের ছেলে রাজু স্বর্ণকার (৩৪) এবং অপরজন সবুজ স্বর্ণকার (৩০)। সবুজের পিতার নাম জানা যায়নি। গ্রামের বাড়ি জামালপুর জেলায় বলে জানা গেছে।

এদিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর আরো একজন মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি বলে জানান, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দীনেন্দু ভৌমিক।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল রাত আড়াইটায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, সিরাজনগরে একটি প্রাইভেটকারের সামনের চাকার হাওয়া চলে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আম গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

প্রাইভেটকারটিতে মোট ছয়জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু'জন যাত্রী মারা যান এবং চারজন যাত্রীকে আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে মৃত যাত্রীদের শ্রীমঙ্গল ফায়ার ব্রিগেড উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এআর