একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা আদালতে স্থগিত হওয়ায় নতুন প্রার্থী ঠিক করা হয়েছে।

নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী রুশদীর স্থলাভিষিক্ত হয়েছেন গণফোরাম নেতা মোকাব্বির খান।  

গণফোরামের মিডিয়া কর্মকর্তা লতিফুল বারী বলেন, বিএনপির ‘নিখোঁজ’নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর প্রার্থিতা আদালত বাতিল করায় ওই আসনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে মনোনীত করেছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

আরপিও অনুযায়ী-সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার ৩ বছর পর সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বিধান থাকলেও তাহসিনা রুশদীর ৬ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন। তাই আদালত তাঁর প্রার্থিতা বাতিল করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এই আদেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

লুনার প্রার্থিতা বৈধ ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ইয়াহহিয়া চৌধুরী। শুনানীতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিতের আদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।

এমবি