গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কবরস্থান থেকে ১৭টি মানব কঙ্কাল চুরি হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দিবাগত রাতে ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর-আশাপুর কবরস্থানে ওই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বেনুপুর ও আশাপুর এলাকার লোকজন প্রায় ৫০ বছর আগে ওই কবরস্থানটি নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে উপজেলার বেনুপুর ও আশাপুরসহ বিভিন্ন এলাকার মৃত ব্যক্তিকে ওই কবরস্থানে দাফন করা হয়। বুধবার গভীর রাতে কবরস্থান থেকে ১৭টি মানবদেহের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি করার পর আবার কবরস্থানে মাটি ভরাট করে রেখে দেয়।
কবরস্থানের খাদেম আবদুল করিম আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কবরস্থান পরিচর্যা করতে গেলে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে এলাকার লোকজনকে খবর দেন। খবর পেয়ে বেনুপুর-আশাপুর কবরস্থানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা আবদুস শুকুর ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল চুরির ঘটনার সত্যতা পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ঘটনাটি খুবই ন্যক্কারজনক ও বেদনাদায়ক। তদন্তসাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমবি





