প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরও নিয়োগ হয়নি ৩৩তম বিসিএসের নন-ক্যাডারদের। চলতি বছরের ২১ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী নিয়োগের ব্যাপারে তাগিদ দেন। তারপরও কোনো পদক্ষেপ নেয় নি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে নিয়োগ বঞ্চিত ক্যাডাররা এ তথ্য দেন।

 নন-ক্যাডারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, সরকারের ৩৯টি মন্ত্রণালয়ের অধীনে প্রথম শ্রেণীর মোট ১২ হাজার ৬শ ৯৬টি এবং দ্বিতীয় শ্রেণীর ৫০ হাজারের অধিক শূন্য পদ রয়েছে। নন-ক্যাডারদের দিয়ে এসব পদ পূরণে ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। কিন্ত সরকারি কর্মকমিশন তাতে কোনো কর্ণপাত না করে বিভিন্ন দপ্তরে জনবল নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করছে। এ কারণে আমরা নিয়োগ বঞ্চিতই থাকছি।

এ বিষয়ে পিএসসিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান নন-ক্যাডাররা।

মাসুম বিল্লাহ বলেন, ৩৩তম নন-ক্যাডারদের অধিকাংশেরই সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। আমাদের এই ন্যায্য পাওনাটুকু না পেলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, প্রজ্ঞাপিত সব সার্কুলার থেকে ন্যূনতম ৫০ ভাগ এবং নতুন প্রজ্ঞাপন জারি না করে ৩৩তম বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হোক।

বাংলাদেশ সরকারি কর্মকমিশনকে সব প্রজ্ঞাপনে নন-ক্যাডারদের ৫০ শতাংশ নিয়োগ দেওয়ার সুবিধা রেখে নতুন করে কোনো প্রজ্ঞাপন জারিরও আহ্বান জানান তারা।

জেআই