গাজীপুরের কালিয়কৈর থেকে ২২৬০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ট্রাক ডাইভার ঝিনাইদহ সদরের বড়বাড়িয়া এলাকার আব্দুল রশিদের ছেলে রাসেল ও হেলপার একই জেলার কালীগঞ্জ থানার মোল্লাডাঙ্গা গ্রামের রাজ্জাকের ছেলে ইদ্রিস।
পুলিশ ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার দর্শনা থেকে মালামাল (ভুট্টা) নিয়ে একটি ট্রাক কালিয়াকৈরের পূর্বচান্দরার ঢাকা ফিড মিল কারখানায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজহারুল ইসলাম এবং জয়দেবপুর থানার কোনবাড়ি ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন যৌথভাবে ওই ট্রাকে অভিযান চালায়।
পরে ট্রাকটি তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচ থেকে ছোট ছোট কাপড়ের ব্যাগভর্তি ২২৬০ বোতল উদ্ধার এবং চালক ও হেলপারকে আটক করা হয়। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।
ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার পাল, জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান, ওসি তদন্ত আলম চাঁদ উপস্থিত ছিলেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





