চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনে গতকাল রোববার গভীর রাতে ডাকাতি হয়েছে। যাত্রীদের বেঁধে মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

ডাকাতির অভিযোগে আটক ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (২৫), বেলায়েত হোসেন (২৩), আনোয়ার হোসেন (২৭) ও বেলাল হোসেন (২৮)। তাঁদের সবার বাড়ি মাদারীপুরের কালকিনি পৌর এলাকায়। তাঁদের কাছ থেকে একটি ক্যামেরা ও ঘড়ি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আটক ব্যক্তিদের তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, সোহেল ঘরামি নামের এক ব্যক্তি বেশির ভাগ মালামাল নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে গেছেন। তিনিই ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন।

ঢাকা মেইল ট্রেনের চালক শামসুল ইসলাম ও পরিচালক মো. ইদ্রিস মিয়ার ভাষ্য, রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ট্রেনের পেছনের দিকের প্রথম শ্রেণির নন এসি বগিতে (২৩১ নম্বর বগি) হামলা চালায়। তারা ওই বগির প্রতিটি কেবিনে থাকা যাত্রীদের ভয় দেখিয়ে একটি বগিতে নিয়ে বেঁধে ফেলে। যাত্রীদের সবার মুখে স্কচটেপ পেঁচিয়ে দেয়। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ১২টি মুঠোফোন, নগদ প্রায় ৩৫ হাজার টাকা, একটি নাইকন ক্যামেরাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।

ট্রেনের যাত্রী মনির হোসেন, হাফিজ মিয়া ও রাসেল খন্দকারের ভাষ্য, দুর্বৃত্তরা যাত্রীবেশে ছিল। তারা কেবিনের দরজা খুলতে বলে। দরজা খুলতেই অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে বেঁধে ফেলে তারা। এক নারী যাত্রীকে অন্য একটি বগিতে বেঁধে রাখা হয় বলেও কয়েকজন যাত্রী জানায়।

আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মো. জসিম উদ্দিনের ভাষ্য, রাত দুইটা ৪৫ মিনিটে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে তিনি ডাকাতির বিষয়টি জানতে পেরে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশকে খবর দেন। ট্রেনটি তিনটা ২৫ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে পুলিশ চার ডাকাতকে আটক করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদারের ভাষ্য, কেবিন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ চার ডাকাতকে আটক করে। ধারণা করা হচ্ছে, ট্রেনটি ফেনী স্টেশন পার হওয়ার পর ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রেনটি সোয়া চারটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি মো. ইয়াছিন ফারুক জানান।

এএইচ