বাসচাপায় ফরিদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় সড়কের দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার বিকেল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধুলদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার হাবিুবুর রহমানের ছেলে মশিউর রহমান নোমান (৩০) ও একই এলাকার মো. জনি (২৮)।
ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর জানান, ঢাকা থেকে খুলনাগামী এ কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪৩৯) সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে বাসের সামনের বাম্পারে আটকে দু’জনই মারা যান। এক জনের মরদেহ বাসের ভেতরের অংশে আটকে ছিল।
পরে পুলিশ রেকার দিয়ে সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে ফেলে এবং নিহতদের লাশ উদ্ধার করে। তবে চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।
জেআই





