ভারতে পাচারের চেষ্টাকালে ট্রাকভর্তি ইলিশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে রোববার ভোর ৫টার দিকে মাছগুলো উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাছসহ ট্রাকের মূল্য ৩৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিওপির নায়েক সুবেদার কবির আহমেদের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ট্রাক ভর্তি ৩৮০ কেজি ইলিশ মাছ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





