কক্সবাজারের সমুদ্রসৈকতে রাখাইন সম্প্রদায় বর্ষাবরণ উৎসব পালন করে প্রতিবছর

বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের এক উৎসবের সময় সাগরে
সাঁতারে নেমে এ পর্যন্ত অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে বাংলাদেশের পুলিশ জানিয়েছে।
আরও অন্তত একজন নিখোঁজ হয়েছেন। খবর বিবিসি।

রাখাইনদের ঐতিহ্যবাহী বর্ষাবরণ উৎসব উপলক্ষে শুক্রবার বিকেলে যখন সমুদ্র তীরে তারা সমবেত হয়েছিলেন, তখন এই ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা এবং স্থানীয় মানুষ সমুদ্র তীরে এবং সাগরে এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছেন।

কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের একজন নেত্রী টিন টিন রাখাইন বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনকে বলেছেন পুরো বর্ষাকাল জুড়ে রাখাইন সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যগতভাবে সমুদ্র তীরে জড়ো হন সপরিবারে যেটা তাদের বর্ষাবরণ উৎসবের একটা অঙ্গ।

কক্সবাজারের সমুদ্রে জোয়ারভাঁটার বিপদ সম্পর্কে অনেকেই অবহিত নন।

তিনি জানান ''রাখাইনরা সাধারণত সমুদ্রের জোয়ারভাঁটা সম্বন্ধে অভিজ্ঞ। কিন্তু যারা ডুবে গেছেন তারা ছিলেন কলেজের ছাত্র, বয়েসে কম এবং তারা হয়ত সমুদ্রে জোয়ারভাঁটার বিপদ সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিলেন না। তাই স্রোতে তাদের টেনে নিয়ে গেছে।''

সমুদ্রসৈকতে অনেক মানুষ থাকলেও যেখানে তারা সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে সেখানে আশেপাশে সেসময় খুব একটা লোকজন ছিল না বলে জানান টিন টিন রাখাইন।

তিনি জানিয়েছেন উদ্ধারকারীরা সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত নিখোঁজ আরেকজনের কোনো সন্ধান পায় নি।

এআই/