দেশের ৭৫ লক্ষের অধিক প্রতিবন্ধী নারীর কর্মসংস্থানের সুযোগ দিয়ে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবী জানান প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তার।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'ডিজ্যাবিলিটি রাইটস্ ফান্ড-ডিআরএফ আর্থিক সহযোগিতায় প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থান : বাস্তবতা ও করণীয়” শীর্ষক সেমিনারে তিনি এ দাবী জানান।
প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি , বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি আনোয়ারুল করিম ও এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মো: শফিকুল ইসলাম, রোকেয়া বেগম প্রমুখ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক সাজেদা আখতার।সেমিনারে বক্তারা ঐক্যমত পোষন করেন যে, কর্মসংস্থানের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া প্রতিবন্ধী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে হবে। মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে তারা কর্মসংস্থানের সুযোগ হতে বঞ্চিত। সরকারী- বেসরকারী কিছু সুযোগ-সুবিধা থাকার পরও তারা এগিয়ে আসতে পারছে না।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, প্রতিবন্ধী নারীরা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আর প্রতিবন্ধী নারীদেরকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করাতে হবে। পাশাপাশি সমাজের সকল পেশা, প্রতিষ্ঠান ও শ্রেণীর মানুষকে এগিয়ে আসা উচিত।
তিনি নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সরকার দারিদ্র্যতা কমিয়ে আনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক সামাজিক নিরাপত্তা মূলক কর্মসূচী বাস্তবায়ন করছে।
একে





