রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় মগবাজার ওয়্যারলেস গেটের ৭৮নং সোনালীবাগের একটি বাসায় দুর্বৃত্তদের হামলায় এই ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- বৃষ্টি আক্তার (৩২), মুন্না (২০) ও বেলাল হোসেন (২২)। গুলিতে আহত হয়েছেন হৃদয় হোসেন।
আহত হৃদয় নিহত বৃষ্টির ছোট ভাই। তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মুন্না ও রানু কিছু দিন আগে মগবাজারের সোনালীবাগে একটি ফ্ল্যাট কিনেছেন। এরপর থেকে এলাকায় সন্ত্রাসী কাইল্যা বাবু এ জন্য তাঁদের কাছে চাঁদা দাবি করে। কিন্তু মুন্না ও রানু তাকে চাঁদা দিতে অস্বীকার করেন। আজ কাইল্যা বাবু মগবাজারের সোনালীবাগের মুন্না ও রানুদের বাসায় গিয়ে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। তার গুলিতে রানু আক্তার বৃষ্টি (৩২), মুন্না (২০) ও ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২) গুলিবিদ্ধ হয়। এরপর দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।
রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ‘স্থানীয় সন্ত্রাসী কালা বাবুসহ ৭ থেকে ৮ জন ঐ বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি করে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ৩ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, কাইল্যা বাবু নামে স্থানীয় এক সন্ত্রাসী চাঁদাবাজি করতে গিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে।
পরিদর্শনকালে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় জানান, বাড়ি থেকে গুলি করার আলামত সংগ্রহ করা হয়েছে। যে জায়গা নিয়ে দ্বন্দ্ব, তা মূলত রেলওয়ের জায়গা। সন্ত্রাসী কালাবাবু তা দখল করেছিল।
তিনি বলেন, এই জায়গা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে কালাবাবু গুলি করেছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





