গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়িতে পান্থাপাড়া বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করায় ১ হাজার একর জমির আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে জানা গেছে, উপজেলার কঞ্চিবাড়ি ও চন্ডিপুর ইউনিয়নের অংশ নিয়ে প্রায় ১ হাজার একর জমির সমন্বয়ে পান্থাপাড়া বিল। বিলটিতে দীর্ঘদিন কৃষকরা হাজার হাজার মণ আমন ও বোরো ধান উৎপাদন করে আসছিল।
গত ২ বছর পূর্বে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি বিলের পশ্চিম ধার দিয়ে পানি নিষ্কাশনের একমাত্র কালভাটটির মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে করে আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অনাবাদি হয়ে পড়েছে।
এনিয়ে আলহাজ আবুল কাশেম, সাজু মিয়া, অছিম উদ্দিন, আঃ মতিনসহ বিলের অনেক জমির মালিক জানান, পানি নিষ্কাশনের মুখ বন্ধ হয়ে পড়ায় তাদের প্রায় ১ হাজার একর জমি আমন চাষের অনুপযোগী হয়ে পড়েছে।
এ ব্যাপারে এলাকাবাসী ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেছেন। ইউএনও আবদুল হাই মিলটন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আস্তস্থ করেছেন।
এসএইচ





