মৌখিকভাবে নতুন আবাসিক গ্যাস সংযোগ বন্ধের নির্দেশনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি জাকির খান।

তিনি বলেন, এ বছরের শেষ দিকে আকস্মিকভাবে পাইপের সংকটের কথা বলে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তিতাস গ্যাসের অধীনে প্রায় ৫০০ ঠিকাদার রয়েছেন যারা সংযোগ আগ্রহী গ্রহীতাদের কাছ থেকে কাজের পূর্বেই সম্পূর্ণ টাকা জমা নিয়েছেন। এ জন্য গ্যাস লাইন সংযোগ প্রত্যাশীরা আমাদের বার বার চাপ দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, দেশে আবাসিক খাতে মাত্র শতকরা ৯ থেকে ১০ ভাগ গ্যাস ব্যবহার করা হয়। তাই নতুন গ্যাস সংযোগ বন্ধ করার কোন প্রয়োজন নাই।

এ সময় সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন বলেন, যদি নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকে, তবে ২০১০-১৩ সালের মত যে অবৈধ গ্যাস সংযোগের যে হিড়িক পড়েছিল তা আবার হবে। এর ফলে সরকার বিশাল অঙ্কের রাজস্বও হারাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নুরুল ইসলাম ইকবাল, সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম পাটোয়ারী।

এমএ