নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনে কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নজিরবিহীন কম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৮টি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে। 

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা প্রতীকে এবং উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরেজমিনে বড়াইগ্রাম ডিগ্রি কলেজ, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিরাইল উচ্চ বিদ্যালয়, মৌখাড়া উচ্চ বিদ্যালয়সহ ৮টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রেগুলোতে ভোটারের উপস্থিতি তেনম নেই বললেই চলে।

এসব কেন্দ্রে প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য কর্মকর্তাদের দাঁড়িয়ে বসে অলস সময় কাটাতে দেখা গেছে। মাঝে মাঝে দু-একজন ভোটারকে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে। অন্যান্য কেন্দ্রে খোঁজ নিয়েও একই রকম খবর পাওয়া গেছে।

সকাল ১০টা পর্যন্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৬টি ভোট পড়েছে। দু-একটি কেন্দ্রে কিছুটা উত্তেজনা থাকলেও সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ২ লাখ ৭ হাজার ৩৭৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ৪৬৫ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৯১১ জন।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ৮১টি ভোট কেন্দ্রে ৫৪৪ টি বুথে ভোট প্রদান করবেন। এসব কেন্দ্রে ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮৮ জন পোলিং অফিসার দায়িত্বপালন করছেন।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, প্রত্যেক কেন্দ্রে একজন কর্মকর্তাসহ তিনজন পুলিশ এবং অস্ত্রধারী ২ জনসহ ১২ জন করে আনসার নিয়োজিত রয়েছেন। ৮১টি কেন্দ্রে পুলিশের বিভিন্ন পর্যায়ের ৪০৬ জন সদস্য নিয়োজিত থাকবেন। ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের স্টাইকিং ফোর্স, মোবাইল ফোর্স ও চেকপোস্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নজরুল ইসলাম জানান, পুলিশ ও আনসারের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি ৪টি টিমে এবং র‌্যাবের ৬টি টিম নিয়োজিত রয়েছে। ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর ২০১৫ বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম ইন্তেকাল করলে পদটি শূন্য হয়।

মাহমুদ